ভরা হাইওয়েতে উলটে গেল জ্বালানির ট্যাঙ্কার, মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৩১
মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত হাইওয়ের উপর উলটে গেল জ্বালানি ভর্তি ট্রাক। তার পরেই ঘটে প্রবল বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।মিশরের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার কায়রোর রিং রোডে দুর্ঘটনাটি ঘটে। ওই রাস্তা দিয়ে তখন প্রচুর গাড়ি চলাচল করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানি ভর্তি ট্রাকটি উলটে যায়। এর পরেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাইওয়েজুড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানো ও আহতদের উদ্ধারের কাজ। কায়রোর অন্যতম ব্যস্ত রাস্তা এই রিং রোড। রাজধানীর বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ এটি। ফলে দুর্ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার একাধিক ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। ছবিতে কায়রোর আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী এবং আকাশজুড়ে কালো ধোঁয়া দেখা গিয়েছে। আতঙ্কে গাড়িচালকদের দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করতেও দেখা যায়। আগুনের জেরে হাইওয়ের আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।মিশর সরকারের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের দেহ আগুনে এতটাই ঝলসে গিয়েছে যে তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আহতদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক।মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের ফল সামনে আসার পর পরবর্তী পদক্ষেপ করবে সরকার। পাশাপাশি, হাইওয়ে ও অন্যান্য রাস্তায় পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর কথাও ভাবা হচ্ছে। কায়রোর এই ভয়াবহ দুর্ঘটনার পর জ্বালানি পরিবহণের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

